মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে জেলা বিএনপির জরুরি সভা অনুষ্ঠিত
দায়িত্ব পালনে কোনো ধরনের ত্রুটি বা অনিয়ম পাওয়া গেলে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা ও বহিষ্কার – এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক
নিজস্ব প্রতিবেদক:
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের চলমান সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা প্রতিরোধ এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি সভা করেছে চাঁদপুর জেলা বিএনপি। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৬টায় চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক।
তিনি তার বক্তব্যে বলেন, কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা অনুযায়ী ২৮ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত আমরা মাঠে থাকব। বিগত ১৭ বছর এবং ২০২৪ সালের আন্দোলন-সংগ্রামে যেভাবে রাজপথে ছিলাম, সেভাবেই জনগণের জানমাল রক্ষায় পাশে থাকতে হবে। আমাদের মনে রাখতে হবে, সবার আগে দেশ, এরপর দল, তারপর নির্বাচন। দায়িত্ব পালনে কোনো ধরনের ত্রুটি বা অনিয়ম পাওয়া গেলে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে, এমনকি বহিষ্কারও করা হবে। আপনারা কোন উপজেলায় কী করছেন, তার সব খবরই আমাদের কাছে আসে। কাউকে ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদের বিষয়ে আমাদের কারও কোনো আপস নেই। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিবাদ যেন আর কোনোভাবেই মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছি। অনেক রক্ত ও জীবনের বিনিময়ে এ দেশ থেকে ফ্যাসিবাদকে বিদায় করতে হয়েছে। কিন্তু ফ্যাসিবাদের দোসররা এখনো বিভিন্নভাবে ঘাপটি মেরে থাকার চেষ্টা করছে। তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা প্রতিরোধে দলের প্রতিটি নেতাকর্মীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন মাঝির পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সলিম উল্যা সেলিম, সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পাটওয়ারী, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, মতলব উত্তর উপজেলায় বিএনপির আলমগীর হোসেন সরকার, কচুয়া উপজেলা বিএনপির খায়রুল আবেদিন স্বপন প্রমুখ।
জরুরি সভায় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, সহ-সভাপতি শরীফ মো. ইউনুস, ডি এম শাহাজাহান, যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন বেপারী, দপ্তর সম্পাদক হযরত আলী ঢালী, কোষাধ্যক্ষ আব্দুল কাদির বেপারী, প্রচার সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, সহ-সাংগঠনিক সম্পাদক মানিকুর রহমান মানিক, জেলা যুবদলের সভাপতি অ্যাড. নুরুল আমিন খান আকাশ, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ মাঝি, জেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন পাটওয়ারী, সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।











