বিশৃঙ্খলায় জড়িত নিজ দলের ৫ কর্মীকে পুলিশে দিলেন নবনির্বাচিত এমপি শেখ ফরিদ আহমেদ মানিক
নিজস্ব প্রতিবেদক :
বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে নিজ দলের পাঁচ কর্মীকে পুলিশে সোপর্দ করেছেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। পুলিশে সোপর্দ করা পাঁচজনকেই শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গতকাল শুক্রবার রাতে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও নবনির্বাচিত এমপি শেখ ফরিদের নির্দেশে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়েজ ঢালীর নেতৃত্বে পাঁচ কর্মীকে সদর থানায় সোপর্দ করা হয়। আটক ব্যক্তিরা হলেন– চাঁদপুর শহরের বাজার এলাকার নাহিদুল ইসলাম জনি, মোবারক হোসেন বেপারী, জনি গাজী, ওয়্যারলেস বাজার এলাকার মনির ও ফাহিম।
জানা গেছে, গত বৃহস্পতিবার চাঁদপুর পৌর এলাকার ১৩ নম্বর ওয়ার্ডে নির্বাচন চলাকালে উত্তেজনা দেখা দেয়। পরদিন শুক্রবার অস্ত্রশস্ত্র নিয়ে দুই গ্রুপের মধ্যে বিশৃঙ্খলার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্টদের চিহ্নিত করা হয়। এর পরই ওই পাঁচজনকে ধরে পুলিশে দেওয়া হয়।
চাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, আটক ব্যক্তিদের থানা হেফাজতে রাখা হয়েছিল। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
নবনির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ বলেন, ‘অপরাধী যেই হোক তার ছাড় নেই। সে যদি আমাদের দলের হয়, তাহলে আমি আরও বেশি কঠোর হবো।’











