চাঁদপুরে বিভিন্ন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা সফর

নিজস্ব প্রতিনিধি:

চাঁদপুরের স্বাস্থ্যসেবার সার্বিক পরিস্থিতি সরেজমিনে দেখতে জেলার বিভিন্ন সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। গতকাল রোববার (৯ আগস্ট) সকালে তিনি প্রথমে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। পরে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে মতলব দক্ষিণ ও মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও যান।

ঝটিকা সফরের শুরুতে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক অবস্থা ঘুরে দেখেন স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতালের অবকাঠামো ও বিভিন্ন কার্যক্রম দেখে তিনি অসন্তোষ প্রকাশ করেন। এ সময় সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে অবকাঠামো উন্নয়নের কাজ শুরু করার নির্দেশ দেন তিনি।

পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালের চিকিৎসাসেবা, চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি, হাজিরা খাতা এবং বিভিন্ন দাপ্তরিক নথিপত্র পর্যালোচনা করেন। পাশাপাশি চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসাসেবা, ওষুধ, খাবারসহ বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।

এরপর স্বাস্থ্যমন্ত্রী চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে পরিদর্শনে যান। সেখানে হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখার পাশাপাশি চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের জন্য রান্না করা খাবার নিজে খেয়ে মানও যাচাই করেন। চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি এবং হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কেও খোঁজ নেন তিনি।

পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্যসেবায় বিদ্যমান সমস্যা ও সীমাবদ্ধতাগুলো চিহ্নিত করে তা সমাধানে সরকার কাজ করছে। দায়িত্ব নেওয়ার ছয় মাসের মধ্যে স্বাস্থ্য খাতের বিভিন্ন অনিয়ম ও সীমাবদ্ধতা চিহ্নিত করা হয়েছে। এসব সমস্যা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

তিনি বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার সারাদেশে ওয়ার্ডভিত্তিক কমিউনিটি ব্যবস্থা চালুর পরিকল্পনা করছে। এর মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আরও সহজলভ্য ও কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হবে। স্বাস্থ্য খাতের জনবল সংকটসহ অন্যান্য সমস্যা পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন তিনি।

এদিকে চাঁদপুরের স্বাস্থ্যসেবার সার্বিক কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। সকালে ভ্যাকসিন-সংক্রান্ত একটি বিষয়কে কেন্দ্র করে যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল, পরিদর্শনকালে আলোচনার মাধ্যমে তার অবসান হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। এ পরিপ্রেক্ষিতে চাঁদপুরের সিভিল সার্জনের প্রাথমিক বদলির আদেশ প্রত্যাহারের নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।

চাঁদপুরে স্বাস্থ্যমন্ত্রীর এ আকস্মিক সফরকে ঘিরে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ব্যাপক তৎপরতা দেখা যায়। মন্ত্রীর আকস্মিক পরিদর্শনে হাসপাতালগুলোর বাস্তব চিত্র সরেজমিনে উঠে আসে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

স্বাস্থ্যমন্ত্রীর সফরকালে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক, জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন, জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সলিম উল্লা সেলিম, জেলা সিভিল সার্জন ডা. মো. নূর আলম দ্বীন, মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক শাহেলা নাজনীন, চাঁদপুর মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডা. হারুন আর রশিদ, চাঁদপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক রোটারিয়ান মাহবুবুর রহমানসহ স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

পরে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন মতলব দক্ষিণ ও মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান। সেখানেও তিনি হাসপাতালের চিকিৎসাসেবা ও সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

শেয়ার করুন