চাঁদপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

মাদকাসক্তির সূচনা ধূমপানের মাধ্যমেই

আলমগীর হোসেন পাটওয়ারী :

বিশ্ব মাদক সমস্যা: চলমান সংকট, নতুন চ্যালেঞ্জ ও উদ্ভাবনী সমাধান’ প্রতিপাদ্যকে সামনে রেখে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ উপলক্ষে চাঁদপুরে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ জুন) দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন করেন। র‌্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে  পূর্ণরায় এসে শেষ হয়।

র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায়  জেলা প্রশাসক- আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে বক্তারা বলেন,

মাদক নির্মূলে প্রশাসন কঠোরভাবে কাজ করে যাচ্ছে, যেসব স্থানে মাদক সংশ্লিষ্ট কার্যক্রমের বিষয়ে সন্দেহ রয়েছে, সেসব এলাকায় ডোপ টেস্ট কার্যক্রম চালু করা হবে। এ লক্ষ্যে ইতোমধ্যে তালিকা প্রণয়ন করা হয়েছে এবং বিভিন্ন সেমিনারে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। খুব শিগগিরই পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে নিয়ে সমন্বিতভাবে কার্যক্রম ও অভিযান পরিচালনা করা হবে। একই সঙ্গে মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি মডেল পয়েন্ট বা মডেল ইউনিয়ন গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হবে, সেখানে সবাই মাদকবিরোধী সমাজ গঠনে ভূমিকা রাখবে।

তিনি বলেন, মাদকাসক্তির সূচনা  ধূমপানের মাধ্যমেই হয়ে থাকে। কোনো বাবা-মা বা পরিবারের কেউ  চায় না  সন্তান ধূমপান করুক, কিন্তু আমরা অনেক সময় বিষয়টিকে হালকাভাবে দেখি। ধূমপানের ফলে একজন মানুষ ধীরে ধীরে পরিবার ও সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে এবং খারাপ সঙ্গ ও বিভিন্ন অপকর্মের দিকে ঝুঁকে যেতে পারে। তাই ধূমপানকে কখনোই তুচ্ছ করে দেখার সুযোগ নেই। শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে সিগারেট ও তামাকজাত পণ্যের দোকান বন্ধ রাখতে হবে, মাদক সেবনকারী ধরলেই হবে না মাদক কারবারি অর্থাৎ ডিলারদের আইনের আওতায় এনে শাস্তির দাবি বাস্তবায়নে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। 

বক্তারা আরো বলেন, শুধুমাত্র শাস্তি দিয়ে মাদক সমস্যার সমাধান সম্ভব নয়। এর আগে পরিবার, সমাজ, রাষ্ট্র এবং রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব রয়েছে। আমাদের প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে এবং মা-বাবা সন্তানদের প্রতি আরো যত্নশীল ও সচেতন হতে হবে। আমরা প্রায়ই অন্যকে দায়ী করি, কিন্তু নিজেদের দায়িত্বের কথা ভুলে যাই। সমাজের সচেতন ও আলোকিত অংশ হিসেবে আমাদের দায়িত্ব হলো অন্যদেরও সচেতন করা এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে হবে। 

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, উজালা রানী চাকমা- এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্লাহ সেলিম, জেলা আইনজীবী সমিতির সভাপতি- অ্যাডভোকেট শামসুল ইসলাম মন্টু, চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি রহিম বাদশা, সাবেক সাধারণ সম্পাদক জি. এম. শাহীন,  বাবুরহাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোশাররফ হোসেন, দৈনিক প্রথম আলোর চাঁদপুর জেলা প্রতিনিধি আলম পলাশ, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক শফিউদ্দিন এবং নবরূপ মানবিক উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি পি. এম. বিল্লাল হোসাইন ও নাট্যশিল্পী নাজমুল ইসলাম। 

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাঃ মিজানুর রহমান।

আলোচনা সভায় রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

শেয়ার করুন