ট্যালেন্টপুলে বৃত্তি পেল হাজীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক ও শিক্ষক আরিফ ইমাম মিন্টুর ছেলে মারজুক আব্দুল্লাহ নাফি
শাখাওয়াত হোসেন শামীম:
প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এর ফলাফলে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার মেধাবী শিক্ষার্থী মারজুক আব্দুল্লাহ নাফি। এ কৃতিত্বের মাধ্যমে সে পরিবার,বিদ্যালয় এবং উপজেলার জন্য গৌরব বয়ে এনেছে।
নাফি হাজীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে এই গৌরবজনক সাফল্য অর্জন করে।
সে হাজীগঞ্জ প্রেসক্লাবের কার্যকরী সদস্য,সাংবাদিক ও সহকারী অধ্যাপক আরিফ ইমাম মিন্টু এবং সহকারী অধ্যাপক মোস্তারী বেগম এর একমাত্র ছেলে।
নাফির এ সাফল্যে পরিবার,শিক্ষক,আত্মীয়-স্বজন,সহপাঠী ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দের আবহ বিরাজ করছে। নাফির বাবা আরিফ ইমাম মিন্টু বলেন,এই অর্জনের পেছনে বিদ্যালয়ের শিক্ষকদের আন্তরিক পাঠদান, সঠিক দিকনির্দেশনা,পরিবারের সদস্যদের সহযোগিতা এবং সবার দোয়া ও উৎসাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি এ সাফল্যের জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক-শিক্ষিকা এবং সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মারজুক আব্দুল্লাহ নাফি তার এই অর্জনে মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে একজন সৎ,যোগ্য ও আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে সবার দোয়া কামনা করেছে।
এদিকে নাফির এই অসাধারণ সাফল্যে হাজীগঞ্জের শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবক, সাংবাদিক সমাজ,বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় সর্বস্তরের মানুষ তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও সে মেধা,অধ্যবসায় ও পরিশ্রমের মাধ্যমে শিক্ষাজীবনের প্রতিটি ধাপে সাফল্যের স্বাক্ষর রেখে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং হাজীগঞ্জের সুনাম আরও উজ্জ্বল করবে।










