ফরিদগঞ্জের সাংবাদিক আবদুল কাদিরের বিরুদ্ধে অপপ্রচার, প্রেসক্লাবের প্রতিবাদ ও নিন্দা
ফরিদগঞ্জ প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আবদুল কাদিরের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ
ফরিদগঞ্জ প্রেসক্লাবের সদস্য, দৈনিক কালবেলা ও দৈনিক চাঁদপুর প্রতিদিন-এর ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি সাংবাদিক আবদুল কাদিরের বিরুদ্ধে বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার নাম ব্যবহার করে ভুয়া ফটোকার্ড তৈরি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে ফরিদগঞ্জ প্রেসক্লাব।
সাংবাদিক আবদুল কাদির দীর্ঘদিন ধরে সুনাম ও পেশাগত সততার সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। বিশেষ করে বিভিন্ন জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের মাধ্যমে তিনি পাঠকমহলে আস্থা অর্জন করেছেন। তার এই সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে একটি স্বার্থান্বেষী মহল বিভিন্ন সময়ে নানা অপচেষ্টা চালিয়ে আসছে। সর্বশেষ কোনো তথ্য-উপাত্ত বা প্রমাণ ছাড়াই সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে, যা দুঃখজনক ও নিন্দনীয়।
ঘটনার সূত্রপাত একটি সংবাদ প্রকাশকে কেন্দ্র করে। গত ৫ মে বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফাতেমা বেগমের পরিবর্তে তার ছেলে, সদ্য দাখিল পাস করা মিরাজুন্নবী সিয়াম শ্রেণিকক্ষে পাঠদান করছে— এমন তথ্য কয়েকজন সংবাদকর্মী সংগ্রহ করেন। বিষয়টির সত্যতা যাচাই করতে সংবাদকর্মীরা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ফারহানা আক্তার, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আফতাবুল ইসলাম এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা শিরিন সুলতানার সঙ্গে যোগাযোগ করেন। অনুসন্ধানকালে বিভিন্ন অসঙ্গতি পরিলক্ষিত হয়।
পরবর্তীতে স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমে সংবাদটি প্রকাশিত হলে প্রাথমিক শিক্ষা বিভাগের তদন্ত কমিটি বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিল করে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে গত ১২ মে সহকারী শিক্ষিকা ফাতেমা বেগমকে সাময়িক বরখাস্ত করা হয় এবং বিধি মোতাবেক তাকে খোরাকি ভাতা প্রদানের নির্দেশ দিয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে অফিস আদেশ জারি করা হয়।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে একটি মহল সাংবাদিক আবদুল কাদিরের পেশাগত সুনাম নষ্ট করার উদ্দেশ্যে অপপ্রচারে লিপ্ত হয়েছে বলে প্রতীয়মান হচ্ছে।
এ প্রসঙ্গে জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এবং উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন কবির বলেন, “আমি ব্যক্তিগতভাবে প্রায় ৭-৮ বছর ধরে সাংবাদিক আবদুল কাদিরকে চিনি। তিনি অত্যন্ত ভদ্র, সৎ ও ভালো মনের মানুষ”।
ফরিদগঞ্জ প্রেসক্লাব– সাংবাদিক আবদুল কাদিরসহ সকল পেশাদার সংবাদকর্মীর বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচার, মিথ্যাচার ও মানহানিকর কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছে।










