বিতর্কের যুক্তির ধারা অব্যাহত রেখে সমাজে সঠিক চর্চা ও ভালো আচরণের চর্চা চালিয়ে যেতে হবে

সমকালের এমন আয়োজনে তাদের ধন্যবাদ জানাই

— জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

নিজস্ব প্রতিবেদক:

বিজ্ঞানে যুক্তি বিজ্ঞানে মুক্তি – এই শ্লোগানকে সামে রেখে
চাঁদপুরে বৃহস্পতিবার ৮ অক্টোবর চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ‘বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব ২০২৬ । চাঁদপুর জেলা সুহৃদ সমাবেশের আয়োজনে দিনব্যাপী এই প্রানবন্ত বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং রানার্সআপ হয়েছে বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ। এছাড়া বিজয়ী দলের শ্রেষ্ঠ বক্তা হিসেবে নির্বাচিত হয়েছে সাইরা ইসলাম বহরদার।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো—হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়, আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল, লেডী প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়, লেডী দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয় এবং পুরান বাজার মধুসূদন হরিসভা উচ্চ বিদ্যালয়।
বিজ্ঞান বিতর্ক উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “বিতর্কের যুক্তির ধারা অব্যাহত রেখে সমাজে সঠিক চর্চা ও ভালো আচরণের চর্চা চালিয়ে যেতে হবে।” তিনি আরও উল্লেখ করেন যে, বর্তমান সময়ে বিভিন্ন ক্ষেত্রে মেয়েরা অনেক বেশি এগিয়ে রয়েছে, যা অত্যন্ত আনন্দের সংবাদ। একই সাথে তিনি ছেলেদের আরও বেশি সম্পৃক্ত হওয়ার এবং যুক্তিবাদী হওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন। জেলা প্রশাসক সারাদেশব্যাপী দৈনিক সমকাল এর এই আয়োজনে ধন্যবাদ জানান এবং এটি তারা অব্যাহত রেখেছেন এতে করে বিজ্ঞান চর্চায় শিক্ষার্থীরা এগিয়ে যাবে।
জেলা সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক মোঃ খায়রুল আহ্ছান সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ মোঃ ইকবালুর রহমান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কাজী হাসেম।
এদিকে সকালে এর উদ্বোধন ঘোষনা করেন চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ইকবালুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদয়ন শিশু একাডেমির প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন, সাবেক প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, সুহৃদ সমাবেশের সহ-সভাপতি মোঃ মহিবুর রহমান খান, আবু সায়েমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন চাঁদপুর মেডিকেল কলেজ ডিবেটিং ক্লাবের সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান, জাতীয় টেলিভিশন বিতার্কিক মোঃ জিহাদুল ইসলাম, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মোঃ তাহসিন বায়েজিদ মুন্সী ইসি এবং সাবেক ডিবেটর ও বিচারক মিঠুন চন্দ্র ত্রিপুরা। মডারেটর হিসাবে ছিলেন সাবেক বিতার্কিক রিয়াজ রহমান রিফাত। প্রতিযোগিতা শেষে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন। সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন সমকাল প্রতিনিধি ইকবাল হোসেন পাটোয়ারী।

শেয়ার করুন