বিষ্ণুদী আজিমিয়া সপ্রাবির শিক্ষার্থীদের মাঝে বেবি টেবিল বিতরণ পৌর মেয়র প্রার্থী আক্তার মাঝি
নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর শহরের বিষ্ণুদী আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর শিক্ষার্থীদের পড়ালেখার পরিবেশ আরও সুন্দর ও আরামদায়ক করতে বেবি টেবিল বিতরণ করেছেন পৌরসভার মেয়র প্রার্থী ও পৌর বিএনপির সভাপতি মো. আক্তার হোসেন মাঝি। গতকাল বৃহস্পতিবার (২১ মে) সকালে বিদ্যালয়ে প্রায় শতাধিক কোমলমতি শিক্ষার্থীর হাতে এসব বেবি টেবিল তুলে দেওয়া হয়।
জানা যায়, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের ছোট ছোট শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে বসে পড়ালেখার ক্ষেত্রে নানা সমস্যার সম্মুখীন হচ্ছিল। বিষয়টি জানতে পেরে পৌর মেয়র প্রার্থী মো. আক্তার হোসেন মাঝি নিজস্ব অর্থায়নে শিক্ষার্থীদের জন্য বেবি টেবিল প্রদানের উদ্যোগ নেন। তাঁর এই মানবিক ও শিক্ষাবান্ধব উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা দেখা গেছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বেবি টেবিল তুলে দেন মো. আক্তার হোসেন মাঝি। এ সময় শিশুদের উচ্ছ্বাস ও আনন্দঘন পরিবেশে পুরো বিদ্যালয় মুখরিত হয়ে ওঠে। ছোট ছোট শিক্ষার্থীরা নতুন টেবিল পেয়ে দারুণ খুশি প্রকাশ করে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা বলেন, শিশুদের সুন্দরভাবে লেখাপড়া করার জন্য উপযুক্ত পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আক্তার হোসেন মাঝির এই সহযোগিতা আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অনেক বড় উপহার। এতে শিক্ষার্থীরা আরও আগ্রহ নিয়ে পড়াশোনা করতে পারবে।
এ সময় উপস্থিত অভিভাবকরাও এ উদ্যোগকে সাধুবাদ জানান। তারা বলেন, একজন জনপ্রতিনিধি হওয়ার আগেই আক্তার মাঝি যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছেন, তা সত্যিই প্রশংসনীয়। বিশেষ করে শিক্ষার্থীদের জন্য তাঁর এমন উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের প্রতি দায়বদ্ধতার পরিচয় বহন করে।
মো. আক্তার হোসেন মাঝি বক্তব্যে বলেন, শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সুন্দর পরিবেশে পড়ালেখার সুযোগ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। আমি সবসময় শিক্ষা, মানবসেবা ও জনকল্যাণমূলক কাজে মানুষের পাশে থাকতে চাই। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বিদ্যালয়ে এমন ব্যতিক্রমী আয়োজনকে ঘিরে এলাকাজুড়ে ইতিবাচক আলোচনা সৃষ্টি হয়েছে।











