হাজীগঞ্জের ঐতিহ্যবাহী বাকিলা বাজারে জমে উঠেছে গরুর হাট

শাখাওয়াত হোসেন শামীম :

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বাকিলা বাজারে জমে উঠেছে গরুর হাট।

ঈদুল আযহা কে সামনে রেখে ২১ মে বৃহস্পতিবার ও আগামী ২৫ মে সোমবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতিতে মুখর হয়ে উঠে পুরো বাজার এলাকা। ঈদের দিন পর্যন্ত একটানা গরু কেনাবেচা চলবে বলে জানিয়েছেন ব্যবসায়ী ও ইজারাদার মো. সোহেল পাটওয়ারী।

হাটে স্থানীয় খামারিদের পাশাপাশি দেশের বিভিন্ন জেলা থেকে আসছে দেশি-বিদেশি জাতের গরু। ছোট,মাঝারি ও বড় আকারের গরুর সমাহারে ক্রেতাদের ভিড়ও বাড়ছে দিন দিন। কেউ পরিবার নিয়ে,আবার কেউ দলবেঁধে আসছেন পছন্দের কোরবানির পশু কিনতে।

বিক্রেতারা জানান,এবারের হাটে গরুর সরবরাহ ভালো থাকায় ক্রেতাদের আগ্রহও বেশি। দরদাম নিয়ে কিছুটা আলোচনা হলেও শেষ পর্যন্ত বিক্রি সন্তোষজনক হচ্ছে। 

বিশেষ করে মাঝারি আকারের গরুর চাহিদা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে।

হাটে আসা ক্রেতাদের অভিযোগ,কিছু গরুর দাম তুলনামূলক বেশি চাওয়া হচ্ছে। 

তবে বিক্রেতারা বলছেন,পশুখাদ্য ও লালন-পালনের খরচ বেড়ে যাওয়ায় দাম কিছুটা বেশি। তারপরও ক্রেতা-বিক্রেতা উভয়ের উপস্থিতিতে জমে উঠেছে পুরো হাট।

স্থানীয় প্রশাসন জানিয়েছে,হাটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। নিরাপত্তার পাশাপাশি যানজট নিয়ন্ত্রণেও কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ঈদ যত ঘনিয়ে আসছে,ততই প্রাণচাঞ্চল্য বাড়ছে হাজীগঞ্জের বাকিলা বাজারের 

ঐতিহ্যবাহী গরুর হাটে। 

ইজারাদার মোঃ সোহেল পাটওয়ারী বলেন,“বাকিলা বাজারের গরুর হাটটি হাজীগঞ্জের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী পশুর হাট। ঈদকে সামনে রেখে এবারও ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা,পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আমাদের পক্ষ থেকে সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে। ইনশাআল্লাহ ঈদের দিন পর্যন্ত টানা কেনাবেচা চলবে বলে আমি আশাবাদী । 

শেয়ার করুন