মঞ্চে নয়, নেতাকর্মীদের সারিতে বসে মতবিনিময় করলেন শিক্ষামন্ত্রী আ,ন,ম এহসানুল হক মিলন

মফিজুল ইসলাম বাবুল ::

  ব্যতিক্রমী আয়োজন আর আন্তরিক পরিবেশে কচুয়ার চারটি ইউনিয়নের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঞ্চের নির্ধারিত আসন এড়িয়ে নেতাকর্মীদের সারিতে একটি সাধারণ প্লাস্টিকের চেয়ারে বসেই তিনি শুরু করেন মতবিনিময়, যা উপস্থিত সবার দৃষ্টি কেড়েছে।

শুক্রবার (৩১ জুলাই) জুমার নামাজের পর কচুয়া সরকারি ডিগ্রি কলেজ মিলনায়তনে উপজেলার ৪, ৫, ৬ ও ৭ নং ইউনিয়নের নেতাকর্মীদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় মন্ত্রী প্রতিটি ইউনিয়নের নেতাকর্মীদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। তারা নিজ নিজ এলাকার উন্নয়ন, বিভিন্ন সমস্যা, সাংগঠনিক কার্যক্রম এবং ব্যক্তিগত সুখ-দুঃখের কথা তুলে ধরেন। জবাবে মন্ত্রী সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন এবং তৃণমূলের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

মঞ্চের পরিবর্তে নেতাকর্মীদের পাশে বসে কথা বলায় উপস্থিতদের মধ্যে আন্তরিকতার আবহ সৃষ্টি হয়। নেতাকর্মীরা জানান, মন্ত্রীর সঙ্গে সরাসরি নিজেদের কথা বলার সুযোগ পেয়ে তারা আনন্দিত ও অনুপ্রাণিত হয়েছেন। তাদের মতে, এ ধরনের উন্মুক্ত মতবিনিময় তৃণমূলের সঙ্গে নেতৃত্বের সম্পর্ক আরও সুদৃঢ় করবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি খাইরুল আবেদিন স্বপন, সাবেক সভাপতি মো. শরফু উদ্দিন মিয়া, সহ-সভাপতি মো. আজিজ মাস্টার, সাধারণ সম্পাদক মাসুদ এলাহি সুভাষ, উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক মো. শাহজালাল প্রধান, কচুয়া উত্তর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ মিয়াজীসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শেয়ার করুন