শিক্ষার্থীদের সম্পৃক্ত করে দুর্নীতিবিরোধী সচেতনতা: চাঁদপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যতিক্রমী আয়োজন

নিজস্ব প্রতিবেদক :
শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও দুর্নীতিবিরোধী চেতনা বিকাশে চাঁদপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে ও জেলা দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন । বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের জেলা কার্যালয়, চাঁদপুরের উপ-পরিচালক মো. হুমায়ুন কবীর। সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ড. কাজী হাসেম।

প্রধান অতিথি মো. এরশাদ উদ্দিন বলেন, দুর্নীতি প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার বিকল্প নেই। এ ক্ষেত্রে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি শিক্ষার্থীদের সম্পৃক্ত করে যে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে, তা প্রশংসনীয় এবং সময়োপযোগী।

বিশেষ অতিথি মো. হুমায়ুন কবীর বলেন, দুর্নীতি দমন কমিশনের কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক প্রতিযোগিতা তাদের মধ্যে নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে সহায়ক ভূমিকা পালন করে।

সভাপতির বক্তব্যে ড. কাজী হাসেম বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠনের জন্য শিক্ষার্থীদের মধ্যে সততা, ন্যায়পরায়ণতা ও দেশপ্রেমের চর্চা বাড়াতে হবে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজকে একযোগে কাজ করতে হবে, যাতে আগামী প্রজন্ম দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।

আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্নীতি একটি দেশের উন্নয়ন ও সুশাসনের পথে অন্যতম প্রধান অন্তরায়। তাই দুর্নীতি প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি নৈতিক শিক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করতে হবে।
তারা আরো বলেন, শিক্ষার্থীদের অংশগ্রহণে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির এ ধরনের কার্যক্রম ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে দুর্নীতিবিরোধী মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং একটি নৈতিক ও জবাবদিহিমূলক সমাজ প্রতিষ্ঠায় সহায়ক হবে।

প্রতিযোগিতার ফলাফলে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং রানারআপ হয় হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়। রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে লেডি প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় স্থান লাভ করে মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় স্থান অর্জন করে চাঁদপুর আহমাদিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা।
পরে বিজয়ীদের মাঝে ক্রেস্ট, সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ এবং সুধীজন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন