হাজীগঞ্জে জনতার হাতে আটক মাদক ব্যবসায়ী,ইয়াবা ও মোটরসাইকেল জব্দ
হাজিগন্জ প্রতিনিধি :
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নের বেলঘর (বটতলা) এলাকায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মার দিকনির্দেশনায় এসআই মো. শামছুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন।বুধবার (১৭ জুন) রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, উপজেলার বেলঘর (বটতলা) এলাকায় রাসেল মিয়ার মুদি দোকানের সামনে স্থানীয় জনতা এক মাদক ব্যবসায়ীকে ইয়াবা ও মোটরসাইকেলসহ আটক করে রেখেছে।খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনতার হেফাজত থেকে ওই ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেয়। পরে তার দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ও মোটরসাইকেল জব্দ তালিকার মাধ্যমে আইনগত প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে।এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। হাজীগঞ্জ থানার মামলা নং-২০, তারিখ ১৮ জুন ২০২৬। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর ১০(ক)/৩৮ ধারায় মামলাটি রুজু করা হয়েছে।হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান বলেন, “মাদক সমাজের জন্য একটি ভয়াবহ অভিশাপ। মাদকের বিরুদ্ধে হাজীগঞ্জ থানা পুলিশের অবস্থান অত্যন্ত কঠোর। মাদক ব্যবসায়ী, পরিবহনকারী কিংবা মাদকসেবী—কাউকেই ছাড় দেওয়া হবে না। জনগণের সহযোগিতায় আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি এবং মাদকমুক্ত হাজীগঞ্জ গড়ে তুলতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।”তিনি আরও বলেন,“মাদকসংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে জানাতে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করছি। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”তিনি বলেন,মাদক নির্মূলে হাজীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।










