হাজীগঞ্জে ‘অলিপুর ইউনিয়ন’ গঠনের প্রক্রিয়ায় নতুন অগ্রগতি

শাখাওয়াত হোসেন শামীম :

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৫নং হাজীগঞ্জ সদর ইউনিয়নকে বিভক্ত করে ‘১৩নং অলিপুর ইউনিয়ন পরিষদ’ নামে নতুন ইউনিয়ন গঠনের প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়েছে। নতুন ইউনিয়ন গঠনের প্রস্তাবটি পর্যালোচনা করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

১২ আগস্ট ২০২৬ তারিখে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আব্দুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিটি চাঁদপুরের জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য মো. মমিনুল হকের ডিও পত্র এবং চাঁদপুর জেলা প্রশাসনের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে হাজীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদকে বিভক্ত করে ‘১৩নং অলিপুর ইউনিয়ন পরিষদ’ নামে নতুন ইউনিয়ন পরিষদ গঠনের প্রস্তাব বিবেচনা করা হয়েছে। ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ সংক্রান্ত নির্দেশনা এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ১১ ধারা অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

ছয় গ্রাম নিয়ে প্রস্তাবিত অলিপুর ইউনিয়ন

এর আগে ৫নং হাজীগঞ্জ সদর ইউনিয়নকে বিভক্ত করে ছয়টি গ্রাম নিয়ে নতুন অলিপুর ইউনিয়ন গঠনের প্রস্তাব করা হয়। প্রস্তাবিত এলাকার মধ্যে রয়েছে—অলিপুর উত্তর, অলিপুর দক্ষিণ, বেতিয়াপাড়া, উচ্চঙ্গা, সাতবাড়িয়া ও সিদলা।

স্থানীয়ভাবে দেওয়া তথ্যমতে, প্রস্তাবিত অলিপুর ইউনিয়নে প্রায় ১৩ হাজার মানুষের বসবাস এবং এর আয়তন প্রায় ২ হাজার ৩৬ একর। দীর্ঘদিন ধরে এ অঞ্চলের বাসিন্দারা প্রশাসনিক সেবা সহজলভ্য করা এবং স্থানীয় উন্নয়ন কার্যক্রমে গতি আনতে পৃথক ইউনিয়ন প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছেন।

সেবা জনগণের আরও কাছে পৌঁছানোর প্রত্যাশা

স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, অলিপুর ইউনিয়ন বাস্তবায়িত হলে নতুন ইউনিয়ন পরিষদের মাধ্যমে নাগরিক সেবা আরও দ্রুত ও সহজে পাওয়া যাবে। পাশাপাশি জন্মনিবন্ধন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিভিন্ন সরকারি সহায়তা ও প্রশাসনিক সেবার ক্ষেত্রে জনগণের ভোগান্তি কমবে। একই সঙ্গে অবকাঠামোসহ স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডেও গতি আসবে বলে মনে করছেন তারা।

এদিকে, সংসদ সদস্য মো. মমিনুল হকের ছয় মাসের কর্মকাণ্ড ও বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে স্থানীয়দের পক্ষ থেকে প্রকাশিত একটি অভিনন্দনবার্তায় নতুন অলিপুর ইউনিয়ন গঠনের উদ্যোগকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। সেখানে হাজীগঞ্জ-শাহরাস্তি এলাকার উন্নয়ন, যানবাহন থেকে টোল আদায় বন্ধ, হাসপাতালের শয্যা বৃদ্ধি, মিনি স্টেডিয়াম অনুমোদন, টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট স্থাপনের উদ্যোগসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে।

স্থানীয়দের ভাষ্য, নতুন ইউনিয়ন গঠনের প্রক্রিয়া এগিয়ে যাওয়ায় হাজীগঞ্জ সদর ইউনিয়নের পূর্ব ও পশ্চিম অংশের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের সম্ভাবনা তৈরি হয়েছে। এখন প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়নের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যাশা করছেন তারা।

উল্লেখ্য, হাজীগঞ্জ সদর ইউনিয়নকে বিভক্ত করে নতুন ‘অলিপুর ইউনিয়ন’ গঠনের প্রস্তাবের বিষয়টি এর আগেও স্থানীয়ভাবে আলোচনায় ও সংবাদে এসেছে। এবার স্থানীয় সরকার বিভাগের চিঠির মাধ্যমে প্রস্তাবটি আনুষ্ঠানিক প্রক্রিয়ায় আরও এক ধাপ এগিয়ে গেল।

শেয়ার করুন