হাজীগঞ্জে পুলিশের অভিযানে ১৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি :
চাঁদপুরের হাজীগঞ্জ থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ১৪ কেজি গাঁজাসহ মো. রবিউল মিজি (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
বুধবার (১৭ জুন) রাত সাড়ে ৮টার দিকে পৌরসভার ৪নং ওয়ার্ডের মকিমাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়,হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মার দিকনির্দেশনায় এসআই নূর মোহাম্মদ, এএসআই মনির মুন্না ও কনস্টেবল জিন্নাহসহ পুলিশের একটি দল মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ পৌরসভার ৪ নং মকিমাবাদ এলাকার একটি মুড়ি মিলের পেছনে জনৈক মোজাহের হোসেনের বাড়ির নিচতলার ভাড়াটিয়া রবিউলের বাসার সামনে অভিযান চালানো হয়। এ সময় তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য ও দেখানো মতে কস্টেপ দিয়ে মোড়ানো সাতটি বান্ডেল থেকে মোট ১৪ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
আটককৃত রবিউল মিজি হাজীগঞ্জ উপজেলার ৪নং দক্ষিণ কালচোঁ ইউনিয়নের বানিয়াকান্দি গ্রামের আবিদ আলী মিজি ও আয়াতুন নেছার ছেলে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান,উদ্ধারকৃত মাদকের ঘটনায় বৃহস্পতিবার (১৮ জুন) ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৯(ক)/৪১ ধারায় তার বিরুদ্ধে একটি মামলা (মামলা নং-১৮) দায়ের করা হয়েছে।
তিনি আরও বলেন,“মাদক নির্মূলে হাজীগঞ্জ থানা পুলিশের অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।










