হাজীগঞ্জে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় শিক্ষার্থীর ওপর হামলা, একজন গ্রেফতার
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি :
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা মফিজুর রহমান ও মারজাহানের পুত্র,ঢাকায় উচ্চশিক্ষায় অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থী জোবায়েরের ওপর মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত মাদক কারবারি মো. ইয়াসিন (৩৭)-কে গ্রেফতার করেছে হাজীগঞ্জ থানা পুলিশ।
জানা যায়,এলাকায় মাদক বিক্রি ও মাদকসেবনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সোচ্চার ছিলেন শিক্ষার্থী জোবায়ের। এর জের ধরে অভিযুক্ত ইয়াসিন তার ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। হামলায় আহত জোবায়ের চিকিৎসা গ্রহণ করেন এবং পরে তার পরিবারের পক্ষ থেকে হাজীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়।
মামলার পর হাজীগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানের এক পর্যায়ে শুক্রবার (১৯ জুন) রাতে এজাহারভুক্ত আসামি মো. ইয়াসিনকে গ্রেফতার করা হয়। পরে তাকে থানায় নিয়ে এসে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
হাজীগঞ্জ থানা সূত্রে জানা গেছে, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে প্রতিবাদ করায় একজন শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মান্নান বলেন, “মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান চলমান রয়েছে। সমাজকে মাদকমুক্ত রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে আমাদের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
এদিকে,মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় শিক্ষার্থী জোবায়েরের ওপর হামলার ঘটনায় স্থানীয় সচেতন মহল তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে। একই সঙ্গে তারা হামলার সঙ্গে জড়িত সকল অপরাধীর দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।










