হাজীগঞ্জে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু


শাখাওয়াত হোসেন শামীম :

চাঁদপুরের হাজীগঞ্জে পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ আব্দুস সামাদ নামে ছয় বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে হাজীগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আলীগঞ্জ এলাকার মোল্লা বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুস সামাদ ওই বাড়ির মামুন মোল্লার ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বাড়ির উঠানে অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল সামাদ। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে শিশুটিকে ভাসতে দেখে স্বজনরা দ্রুত পানি থেকে উদ্ধার করেন।

পরে তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজন অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুল মোল্লা জানান, খেলাধুলার একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে সামাদ পুকুরের পানিতে পড়ে যায়। সে সাঁতার জানত না। এ কারণেই পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

তিনি বলেন, বর্ষা মৌসুমে বাড়ির আশপাশে পানি বৃদ্ধি পাওয়ায় শিশুদের প্রতি অভিভাবকদের বাড়তি নজর রাখা জরুরি। বিশেষ করে যারা সাঁতার জানে না, তাদের কোনোভাবেই পুকুর, খাল বা জলাশয়ের আশপাশে একা যেতে দেওয়া উচিত নয়।

শেয়ার করুন