চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
অপ – সাংবাদিকতা রোধে জেলা প্রশাসন থেকে নজরদারি ও কঠোর ব্যবস্থা নেওয়া হবে
জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান
কামরুল ইসলাম পাটওয়ারী:
চাঁদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমানের সাথে চাঁদপুর প্রেস ক্লাবের নেতৃবৃন্দ এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় জেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, বাজার মনিটরিং এবং নিরাপদ সড়কসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও প্রশাসনিক সহযোগিতার সার্বিক দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, সাধারণ সম্পাদক এম. এ. লতিফ, সিনিয়র সাংবাদিক ও দৈনিক দিনকাল ও দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার প্রধান সম্পাদক মুনীর চৌধুরী, চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, চাঁদপুর প্রবাহের প্রধান সম্পাদক রহিম বাদশা, সাংবাদিক বি. এম. হান্নান এবং গিয়াস উদ্দিন মিলন।
এছাড়াও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন স্টার টিভি ও দৈনিক শপথের প্রধান সম্পাদক কাদের পলাশ, ৭১ টিভির আল-আমিন ভুঁইয়া, এনটিভির শরিফুল ইসলাম, মাই টিভির মনোয়ার কানন, ইন্ডিপেন্ডেন্ট টিভির মনিরুজ্জামান বাবলু, এখন টিভির তালহা জুবায়ের এবং ডিবিসি নিউজের আতিকুর রহমানসহ স্থানীয় বিভিন্ন পত্রিকার সম্পাদক, সহ-সম্পাদক ও চিফ রিপোর্টারবৃন্দ।

সভায় জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, জেলার সার্বিক শৃঙ্খলা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখতে বস্তুনিষ্ঠ সংবাদের ভূমিকা অপরিসীম। প্রশাসনিক কাজে স্বচ্ছতা ও গতিশীলতা আনয়ন এবং জনস্বার্থ রক্ষায় স্থানীয় সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি। উপস্থিত সাংবাদিক নেতৃবৃদ্ধও চাঁদপুরের জনকল্যাণমুখী প্রতিটি পদক্ষেপে সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতার আশ্বাস দেন। মতবিনিময় সভা শেষে প্রেসক্লাবের সাবেক সভাপতি রহিম বাদশা কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সংবাদ সংগ্রহ করতে যোগ দান করায় চাঁদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।










