মতলব উত্তরে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৮
শেখ ওমর ফারুক :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ আট জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় এবং মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব ও মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়ার তত্ত্বাবধানে মাদক বিরোধী অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে ১০০ পিস ইয়াবাসহ কামাল পাটোয়ারী (৪২)মজিব প্রধান (৩০) এবং ৯ পিস ইয়াবাসহ দুখু মিয়া (৩৮) ও ইব্রাহীম (৩০) নামের চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ছাড়া অন্যান্য অপরাধে আরও চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে সাজা ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ২ জন, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ১ জন এবং অন্য একটি নিয়মিত মামলায় ১ জন আসামি রয়েছেন।
এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মানস বড়ুয়া জানান, আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এলাকায় মাদকের বিস্তার রোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতলব উত্তর থানা পুলিশের এই মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।










