চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা সম্পন্ন

অধিক দামের এলপিজি গ্যাস বিক্রয়ের অনেক অভিযোগ তাই এটি বন্ধে ব্যবস্থা ও মনিটরিং জোরদার করুন—- শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।
এমপি বলেন, অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং এসব ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে হবে। তিনি বলেন জেলায় বর্তমানে ৪৬টি বৈধ ইটভাটা থাকলেও ৪৮টি অবৈধ ইটভাটা ইট তৈরির জন্য চুল্লিতে আগুন দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। সরকার অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশনা দিয়েছে। তাই এ ক্ষেত্রে কোনো ধরনের চোর-পুলিশ খেলা চলতে দেওয়া যাবে না। অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ সুরক্ষার বিষয়ে তিনি বলেন, কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে তামাকজাত পণ্যের দোকান থাকতে পারবে না। এ নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নিতে হবে।
শেখ ফরিদ আহমেদ বলেন, চাঁদপুর পৌরসভার বকেয়া বিদ্যুৎ বিল যত দ্রুত সম্ভব পরিশোধ করতে হবে।
চাঁদপুর শহরের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করে এমপি মানিক বলেন, পুরো শহরজুড়ে বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা পড়ে থাকতে দেখা যায়। এতে নগরীর পরিবেশ ও সৌন্দর্য নষ্ট হচ্ছে। দ্রুত কার্যকর ডাম্পিং ব্যবস্থা গড়ে তুলে শহরের বর্জ্য অপসারণ ও ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।
নিরাপদ পানির সংকট ও আর্সেনিক সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন ইউনিয়নে প্রায় ৭৯০ ফুট গভীর পর্যন্ত গিয়ে পরীক্ষা করেও আর্সেনিক পাওয়া গেছে। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। এ সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে এবং নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে হবে।
সরকারি সম্পত্তি ও রেলওয়ের জায়গা অবৈধ দখলমুক্ত করার ওপর গুরুত্বারোপ করে এমপি বলেন, রেলওয়ের জায়গা উদ্ধারের বিষয়ে আগেও নির্দেশনা দেওয়া হয়েছে। বৈধ লিজ ছাড়া যারা সরকারি জায়গা দখল করে রেখেছেন, তাদের উচ্ছেদ করতে হবে। সরকারি সম্পত্তি অবৈধভাবে দখল করে কেউ স্থাপনা নির্মাণ করবে, তা হতে দেওয়া হবে না। এটি কি মগের মুল্লুক যে, যার ইচ্ছা সে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করবে? সরকারি সব দপ্তরকে নিজ নিজ সম্পত্তির দখল বুঝে নিয়ে অবৈধ দখলমুক্ত করতে হবে। মানুষের সেবা সবার আগে নিশ্চিত করতে হবে।
এলপিজি গ্যাসের অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ প্রসঙ্গে তিনি সংশ্লিষ্টদের বাজার মনিটরিং জোরদার করতে নির্দেশ দেন। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে যাতে কেউ এলপিজি বিক্রি করতে না পারে, সে বিষয়ে কার্যকর নজরদারি রাখতে বলেন তিনি ।


এছাড়া নদী দখল ও ভরাটের বিষয়ে কঠোর অবস্থান জানিয়ে শেখ ফরিদ আহমেদ বলেন, নদী ভরাট করে সেখানে ইট-বালু মজুত রেখে ব্যবসা করা হচ্ছে। এসব অবৈধ দখল ও স্থাপনা দ্রুত উচ্ছেদ করে নদীর স্বাভাবিক পরিবেশ ও সৌন্দর্য ফিরিয়ে আনতে হবে। নদীর তীর রক্ষায় ব্রিটিশ আমলে নির্মিত রিটেইনিং ওয়াল রয়েছে। এ ধরনের সরকারি সম্পত্তি ও নদীর পরিবেশ রক্ষায় কেউ বাধা সৃষ্টি করলে প্রয়োজনে তাদের বিরুদ্ধে মামলা করতে হবে।
জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে সভায় বিগত মাসের কার্যবিবরণী পাঠ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন।
সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল কবির, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সলিম উল্যা সেলিস, সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন, চাঁদপুর জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মোসাদ্দেক হোসেন, প্রবাসী কল্যাণ সহকারী পরিচালক মো. সফিকুর রহমান, পরিবেশ অধিদপ্তর চাঁদপুরের উপপরিচালক মো. মিজানুর রহমান, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মো. মোস্তফা কামাল, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. নজরুল ইসলাম, পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর ডিজিএম মো. নিজাম উদ্দিন শামস, পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর এজিএম এ এফ এম রাকিবুল হক, শিক্ষা প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মুজাহিদুল ইসলাম আলিফ, বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান ভূঁইয়া, পানি উন্নয়ন বোর্ডের উপনির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের উপনির্বাহী প্রকৌশলী মো. সালাহ উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় ও শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন।
সভায় আরও উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার প্রশাসক দেবাশীষ চৌধুরী, চাঁদপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক রোটারিয়ান মাহবুবুর রহমান, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইসলাম, মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন, জেলা বিএনপির সহসভাপতি খলিলুর রহমান গাজী, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, চাঁদপুর চেম্বার অব কমার্সের সহসভাপতি তমাল কুমার ঘোষ, জেলা কারাগারের জেল সুপার মো. জয়নালসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

শেয়ার করুন