মতলব উত্তরে নিজ দায়িত্ব ফেলে নিরাপদ সড়ক চাই দিবসের কর্মসূচিতে স্বাস্থ্য সহকারী

শেখ ওমর ফারুক :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী মামুনুর রশিদ নিজের দায়িত্ব ফেলে জাতীয় নিরাপদ সড়ক চাই দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে অংশগ্রহণ করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

বুধবার (২২ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা পরিষদ চত্বরে নিরাপদ সড়ক চাই মতলব উত্তর উপজেলা শাখার আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই সময় ইসলামাবাদ ইউনিয়নে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় বিসিজি (ব্যাসিলাস ক্যালমেট-গুয়েরিন) টিকাদান কর্মসূচি চলমান ছিল, যার দায়িত্বে ছিলেন স্বাস্থ্য সহকারী মামুনুর রশিদ। কিন্তু তিনি নিজ দায়িত্বস্থলে না থেকে র‍্যালি ও সভায় উপস্থিত ছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে।

মামুনুর রশিদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারীর দায়িত্ব পালনের পাশাপাশি নিরাপদ সড়ক চাই, মতলব উত্তর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে সরকারি দায়িত্ব ও স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যক্রমে যুক্ত থাকায় জনমনে প্রশ্ন উঠেছে তার দায়িত্বপালনের ভারসাম্য নিয়ে।

এ ঘটনায় টিকা নিতে এসে ভোগান্তিতে পড়েন স্থানীয় ভুক্তভোগীরা। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিভাবক জানান, সকালে শিশুদের নিয়ে টিকা কেন্দ্রে গিয়েছিলাম, কিন্তু সেখানে স্বাস্থ্য সহকারীকে পাওয়া যায়নি। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করার পরও টিকা হয়নি। পরে জানতে পারি, তিনি র‍্যালিতে গেছেন।

স্থানীয় সচেতন নাগরিকরা বলছেন, স্বাস্থ্য খাতের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা একজন কর্মচারীর এ ধরনের আচরণ অগ্রহণযোগ্য। তাকে হয় দায়িত্ব পালনে মনোযোগী হতে হবে, নয়তো সংগঠনের কাজ ছেড়ে দিতে হবে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য সহকারী মামুনুর রশিদ বলেন, আমার শরীরটা অসুস্থ ছিল। আজকে আমার কোনো (ইপিআই) টিকাদান কর্মসূচি ছিল না যতটুকু জানি, আমার টিকা দেওয়ার তারিখ আগামীকাল বৃহস্পতিবার। অফিস কর্তৃপক্ষ হয়তো জানে না যে আজ আমার টিকাদানসূচি ছিল না।

অন্যদিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান বলেন, স্বাস্থ্য সহকারী মামুনুর রশিদের ইপিআই টিকাদান কর্মসূচি ছিল। কিন্তু তিনি সেখানে উপস্থিত ছিলেন না, এ বিষয়ে আমাকে বেশ কয়েকজন ফোন করে জানিয়েছেন। মামুন অফিস থেকে কোনো ছুটিও নেয়নি। আমরা বিষয়টি তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো।

শেয়ার করুন