মতলব উত্তরে মাথাভাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রথম পূর্ণমিলনী,শিক্ষকদের সম্মাননা
শেখ ওমর ফারুক
চাঁদপুরের মতলব উত্তরে প্রথমবারের মতো জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো মাথাভাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৬০ বছরে প্রথম পূর্ণমিলনী এবং অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা অনুষ্ঠান।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে পায়রা ও বেলুন উড়িয়ে, জাতীয় সংগীত পরিবেশন ও পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা করা হয়।
অনুষ্ঠানে ৬০ বছরের স্মরণিকা মোড়ক উন্মোচন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্ল্যাহ বলেন, এই বিদ্যালয় এলাকার শিক্ষার বিস্তারে বিরাট ভূমিকা রেখেছে। আজকের এই মিলনমেলা প্রাক্তন শিক্ষার্থীদের বন্ধনকে আরও সুদৃঢ় করবে।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম এবং পূর্ণমিলনী কমিটির সদস্য সচিব মনিরুল হাসান আলী নুর।
পূর্ণমিলনী কমিটির আহ্বায়ক ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হাসান বলেন, ১৯৬৬ সালে প্রতিষ্ঠার পর আজ প্রথম পূর্ণমিলনী হচ্ছে। প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দকে একসঙ্গে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। বিদ্যালয়ের অগ্রযাত্রায় সবার সহযোগিতা প্রয়োজন।
উপস্থাপনায় ছিলেন দেশের জনপ্রিয় উপস্থাপিকা নুসরাত জাহান।
১৯৭১ থেকে ২০২৫ পর্যন্ত বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা স্মৃতিচারণ করেন। অবসরপ্রাপ্ত শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা ও স্মারক উপহার দিয়ে সম্মাননা জানানো হয়।
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন দেশের প্রখ্যাত সংগীতশিল্পী ইমন মাহমুদুল ও কনা।











