আইনিপ্রক্রিয়ায় অভিবাসী কর্মীদের ন্যায়বিচার নিশ্চিতকরণে চাঁদপুরে কর্মশালা
অভিবাসী কর্মীদের একটি বড় অংশ সচেতনতার অভাবে নানা ধরনের প্রতারণা ও আইনি জটিলতার শিকার হন : জেলা ও দায়রা জজ বেগম শামসুন্নাহার
নিজস্ব প্রতিবিধি : চাঁদপুরে আইনিপ্রক্রিয়ায় অভিবাসী কর্মীদের ন্যায়বিচার নিশ্চিতকরণ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২৯ জুলাই ২০২৬ বিকেলে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি (BNWLA)-এর উদ্যোগে চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে এবং হেলভেটাস বাংলাদেশের কারিগরি সহযোগিতায় সিম্স (Strengthened and Informative Migration Systems-SIMS) প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের ‘অ্যাকসেস টু জাস্টিস’ কার্যক্রমের আওতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ বেগম শামসুন্নাহার বলেন, অভিবাসী কর্মীদের একটি বড় অংশ সচেতনতার অভাবে নানা ধরনের প্রতারণা ও আইনি জটিলতার শিকার হন। তাদের জন্য কার্যকর আইনি সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি সিম্স প্রকল্পের আওতায় চলমান মামলাগুলোর তদন্ত দ্রুত সম্পন্ন এবং দ্রুত নিষ্পত্তির ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সংশ্লিষ্ট বিচারক ও প্যানেল আইনজীবীদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সদস্য ও সিম্স প্রকল্পের প্রোগ্রাম অফিসার (অ্যাকসেস টু জাস্টিস) অ্যাডভোকেট ফেরদৌস নিগার। পরে সিম্স প্রকল্পের কার্যক্রম ও উদ্দেশ্য তুলে ধরে উপস্থাপনা করেন প্রকল্পের প্রোগ্রাম অফিসার মো. হানিফ মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তাসনিম জোহরা, চাঁদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোজাহিদুর রহমান, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসমা জাহান নিপা, সিনিয়র জেলা লিগ্যাল এইড কর্মকর্তা ও সিনিয়র সহকারী জজ মো. আব্দুল আলীম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শামছুল ইসলাম মন্টু প্রমুখ । সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ শফিকুর রহমান।
সভায় বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সদস্য এবং চাঁদপুর জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট কোহিনুর বেগম বলেন, সিম্স প্রকল্পের সহযোগিতায় চাঁদপুরসহ দেশের বিভিন্ন জেলায় অনেক ভুক্তভোগী অভিবাসী কর্মী আইনি সহায়তা ও ন্যায়বিচার পেয়েছেন।
কর্মশালায় জেলার বিভিন্ন আদালতের বিচারক, সিম্স প্রকল্পের প্যানেল আইনজীবী, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্থানীয় সাংবাদিক এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশ নেন। বক্তারা নিরাপদ অভিবাসন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং অভিবাসী কর্মীদের জন্য সহজলভ্য আইনি সহায়তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।










