খেলাধুলা আমাদের সন্তানদের মাদক ও কিশোর গ্যাং থেকে মুক্ত রাখে : শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি
নিজস্ব প্রতিনিধি :
চাঁদপুর শহরের পূর্ব শ্রীরামদীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মরহুম আব্দুল মতিন মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। শুক্রবার (৭ আগস্ট) রাত সাড়ে ১০টায় ৩নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় টাইগার ইলেভেন চ্যাম্পিয়ন এবং পূর্ব শ্রীরামদী একাদশ রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি তার বক্তব্যে বলেন, পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ যে একটি মাদকমুক্ত সমাজ চান, এই আয়োজনই তা প্রমাণ করে। খেলাধুলা আমাদের সন্তানদের মাদক ও কিশোর গ্যাং থেকে মুক্ত রাখে। সুন্দর সমাজ বিনির্মাণে খেলাধুলার কোনো বিকল্প নেই।
তিনি তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, নিয়মিত খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে সুস্থ ও সুন্দর জীবনযাপনে উদ্বুদ্ধ করা সম্ভব।
পৌর ৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জামাল মোল্লার সভাপতিত্বে এবং চাঁদপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম সোহেল গাজীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, ডি এম শাহাজাহান, পুরান বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ চাঁদ মিয়া, জেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন পাটওয়ারী, সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগ
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।
উল্লেখ্য, গত ১ আগস্ট থেকে শুরু হওয়া এ টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলাকে ঘিরে মাঠে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। টুর্নামেন্টের পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।










