চাঁদপুরে কালেক্টরেট মিউজিক একাডেমির উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক :
শুদ্ধ সংগীত চর্চা ও সাংস্কৃতিক বিকাশে চাঁদপুরে যাত্রা শুরু করেছে ‘কালেক্টরেট মিউজিক একাডেমি’। শুক্রবার (২ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট স্কুল প্রাঙ্গণে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে একাডেমিটির উদ্বোধন করেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, চাঁদপুর সংস্কৃতি ও গুণী মানুষের জন্য বরাবরই সমৃদ্ধ। নতুন প্রজন্মের মধ্যে শুদ্ধ ও ঐতিহ্যবাহী সংগীতের চর্চা বাড়ানো এবং তাদের সুস্থ ধারার সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত করতে এ একাডেমি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, একাডেমিতে বিষয়ভিত্তিক প্রশিক্ষণের জন্য শিক্ষার্থীসহ সব বয়সী মানুষের অংশগ্রহণের সুযোগ থাকবে।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি ও রাজস্ব), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি), জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনাররা ছাড়াও সাংস্কৃতিক ব্যক্তিত্ব লিটন ভূইয়া, রফিক আহমেদ মিন্টু, সময় টিভির চাঁদপুর প্রতিনিধি ফারুক আহমেদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সুস্থ ও মেধাবী সমাজ গঠনে সংস্কৃতিচর্চার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নতুন প্রজন্মের উদীয়মান শিল্পীদের প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় পর্যায়ে তুলে ধরতে একাডেমিটি কার্যকর ভূমিকা রাখতে পারে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কালেক্টরেট মিউজিক একাডেমিতে অভিজ্ঞ প্রশিক্ষকদের মাধ্যমে শুদ্ধ সংগীতের পাশাপাশি চিত্রাঙ্কন, আবৃত্তি, নৃত্য ও তবলা প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে।










