চাঁদপুর পৌরসভা পরিচালিত উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
কামরুল ইসলাম পাটওয়ারী : চাঁদপুর পৌরসভা কর্তৃক পরিচালিত উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল ২৮শে সেপ্টেম্বর (মঙ্গলবার) চাঁদপুর পৌরসভার হলরুমে উৎসবমুখর পরিবেশে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক ও ডিডিএলজি দেবাশীষ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রি খীসা।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার বিভিন্ন ইউনিটের প্রধান কর্মকর্তাবৃন্দ, সংবর্ধিত কৃতি শিক্ষার্থী, তাঁদের অভিভাবক, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে পৌর পীর মহসিন উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত ২ জন কৃতি শিক্ষার্থী সামিয়া আক্তার ও নুহা আক্তার এবং পৌর শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত ১ জন শিক্ষার্থীকে পৌরসভার পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন পৌর পীর মহসীন উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ তাজুল ইসলাম, পৌর শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওমর ফারুক,, পীর মহসীন উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ কামরুল ইসলাম পাটওয়ারী সহ পৌরসভার বিভিন্ন ইউনিটের প্রধানগণ এবং কৃতি শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।
শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিয়ে প্রধান অতিথির বক্তব্যে পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাদ্রি খীসা নিজের ছাত্রজীবনের বিভিন্ন কষ্টের স্মৃতি স্মরণ করেন। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “যত বাঁধাই আসুক না কেন, পড়ালেখা কোনো অবস্থাতেই বন্ধ করা যাবে না। জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হলে কঠোর পরিশ্রম ও একাগ্রতার বিকল্প নেই। এভাবে এগিয়ে গেলেই জীবনে সফল হওয়া সম্ভব।” অনুষ্ঠান শেষে সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট ও আর্থিক সম্মানী প্রদান করা হয় ।










