চাদঁপুরের হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের মেঘনার চরাঞ্চলের প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল (ইকোনমিক জোন) স্থাপনের প্রাথমিক পরিদর্শন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের মেঘনার চরাঞ্চলে প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল (ইকোনমিক জোন) স্থাপনের লক্ষ্যে প্রাথমিক পরিদর্শন সম্পন্ন হয়েছে।

​মঙ্গলবার (২৩ জুন) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-এর নির্বাহী সদস্য (অতিরিক্ত সচিব) সালেহ আহমদ হাইমচরের নীলকমল ইউনিয়নের চরাঞ্চলের ‘চররাও’ ও ‘ঈশালবালা’ মৌজা সরেজমিনে পরিদর্শন করেন। প্রস্তাবিত এই বিশাল চরাঞ্চলে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার সম্ভাব্যতা, ভৌগোলিক অবস্থান এবং অবকাঠামোগত সুযোগ-সুবিধা যাচাইয়ের উদ্দেশ্যে এই পরিদর্শনের আয়োজন করা হয়।

​পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন- চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। এছাড়াও বেজা-এর উচ্চপদস্থ প্রতিনিধি, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হাইমচরের নীলকমল ইউনিয়নের চররাও ও ঈশালবালা মৌজায় বিপুল পরিমাণ খাস জমি রয়েছে, যা একটি আধুনিক ও পরিবেশবান্ধব অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার জন্য অত্যন্ত সম্ভাবনাময়। নদীবেষ্টিত এই অঞ্চলে শিল্পাঞ্চল গড়ে উঠলে নৌ-যোগাযোগের সুবিধার পাশাপাশি স্থানীয় বিশাচাঁদপুর ল জনগোষ্ঠীর কর্মসংস্থানের অভূতপূর্ব সুযোগ সৃষ্টি হবে।

​পরিদর্শন শেষে বেজা-এর নির্বাহী সদস্য সালেহ আহমদ এবং জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান প্রস্তাবিত এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, প্রাথমিক এই পরিদর্শনের পর কারিগরি ও পরিবেশগত দিকগুলো আরও পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হবে। সবকিছু ঠিক থাকলে সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনা অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

​হাইমচরে এই অর্থনৈতিক অঞ্চলটি বাস্তবায়িত হলে তা কেবল চাঁদপুরের অর্থনীতিতেই নয়, বরং পুরো দেশের শিল্পায়নে ও জিডিপি প্রবৃদ্ধিতে এক নতুন দিগন্তের উন্মোচন করবে বলে মনে করছেন স্থানীয় সুধী সমাজ ও সংশ্লিষ্ট অর্থনীতিবিদেরা। এছাড়াও মঙ্গলবার সকাল ১১ টার সময় বেজা প্রতিনিধি টিম, চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানকে সঙ্গে নিয়ে চাঁদপুর সদর উপজেলার ইব্রাহিমপুর মৌজার প্রায় ৬০১৪.৪৯ একর জমির সাইট পরিদর্শন করেন।

​এরপর তারা হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে বেজার অনুকূলে বন্দোবস্তপ্রাপ্ত জমি পরিদর্শন করেন। জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। প্রতিনিধি দলটি এদিন চাঁদপুর জেলায় অবস্থান করে প্রস্তাবিত খাস জমিতে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের প্রাথমিক উপযোগিতা ও সম্ভাব্যতা পরিদর্শন করেন।

​পরিদর্শনকালে বেজা নির্বাহী সদস্য সালেহ আহমেদের নেতৃত্বাধীন এই টিমে ছিলেন মহাপরিচালক (বিনিয়োগ উন্নয়ন), তত্ত্বাবধায়ক প্রকৌশলী (তড়িৎ), পরিচালক (বিনিয়োগ উন্নয়ন-১), পরিচালক (পরিবেশ ও উন্নয়ন), ইনভেস্টমেন্ট প্রমোশন কনসালটেন্ট, প্রাইড প্রকল্প, ইনফ্রাস্ট্রাকচার কনসালটেন্ট এবং বেজার জুনিয়ার আরবান প্ল্যানার।

​এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ জেলা উপজেলা প্রশাসনের অন্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

শেয়ার করুন