ফরিদগঞ্জে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ


ফরিদগঞ্জ প্রতিনিধি :
বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ঘিরে  চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
রোববার (৩১ মে ২০২৬) বিকালে  উপজেলা পরিষদ গেটের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। দুই পক্ষের মধ্যে ইট পাটকেল নিক্ষেপের ঘটনায় মেহেদী হাসান  রনি(৩০) নামে এক যুবদল নেতা সহ বেশ কয়েকজন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।
 রোববার  ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে  উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা বিএনপির বহিষ্কৃত সাবেক যুগ্ম আহ্বায়ক  ডা. আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন(স্বতন্ত্র সংসদ সদস্য) বর্তমান  সংসদ সদস্য আলহাজ্ব এম এ হান্নান।
অনুষ্ঠান চলাকালে উপজেলা পরিষদ গেইটে ধানের শীষ মনোনীত প্রার্থী সমর্থকদের সাথে সংসদ সদস্য এম এ হান্নানের সমর্থকদের সংঘর্ষ বাধে। দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ায়  এবং ইট পাটকেল লাঠি সোটা নিক্ষেপের ঘটনায় ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক মেহেদী হাসান রনিসহ বেশ কয়েকজন আহত হয়।
প্রত্যক্ষদর্শী  কয়েকজন জানান,  সাবেক এমপি লায়ন  হারুনের সমর্থকরা অনুষ্ঠান চলাকালে উপজেলা পরিষদ গেইটে অবস্থান নেয়। এ সময় হঠাৎ করে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের  পর উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।
উভয়পক্ষ একে অপরের বিরুদ্ধে ইট পাটকেল নিক্ষেপ এবং লাঠি সোটা নিয়ে হামলা চালায়। এ সময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
 এব্যাপারে সংসদ সদস্য এম এ হান্নান জানান,  পুলিশের উপস্থিতিতে সন্ত্রাসীরা আমার নেতাকর্মীদের  উপর হামলা করেছে।  পুলিশ ব্যবস্থা না নিলে আমরা আগামীতে এদের প্রতিহত করবো। 
 ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়–য়া জানান, উপজেলা পরিষদের অডিটোরিয়ামে রাজনৈতিক কর্মসূচি চলছিলো। পরিষদের বাইরে রাস্তায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে।#

শেয়ার করুন