বিপুলা উৎসাহ আর উচ্ছাসে -চাঁদপুরে বিশ্বকাপ ফুটবল উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে জেলা প্রশাসনের আয়োজনে কুইজ প্রতিযোগিতা সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক :
বিশ্বকাপ ফুটবলকে ঘিরে চাঁদপুরে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে কুইজ প্রতিযোগিতা। বৃহস্পতিবার ( ১১ জুন) এই প্রতিযোগিতায় সদর উপজেলা ও পৌর এলাকার চার শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বিশ্বকাপ ফুটবলের ইতিহাস, বিভিন্ন দেশের অংশগ্রহণ, খেলোয়াড় ও নানা তথ্যভিত্তিক প্রশ্নোত্তরের মাধ্যমে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় এ আয়োজন ।
প্রতিযোগিতায় চাঁদপুর সদর ও পৌর এলাকার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের চার শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তিনি শিক্ষার্থীদের খেলাধুলা ও জ্ঞানভিত্তিক কার্যক্রমে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মো: এরশাদ উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জামিউল হিকমাসহ অন্যান্যরা।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের বিশ্বকাপ ফুটবল সম্পর্কে জ্ঞান বৃদ্ধি এবং সৃজনশীল চর্চায় উৎসাহিত করতেই এ আয়োজন করা হয়েছে।
বিশ্বকাপের উন্মাদনার মধ্যেই এমন আয়োজন শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি করেছে।












