হাইমচরে আলোচিত ওমর ফারুক হত্যা মামলায় ৭ আসামি আটক

হাইমচর প্রতিনিধি :

হাইমচরে আলোচিত যুবক ওমর ফারুক হত্যা মামলায় ৭ জনকে আটক করেছে হাইমচর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার উপজেলার ছোটলক্ষীপুর গ্রামের মৃধা বাড়িতে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ওমর ফারুক নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের নানা হাসেম মৃধা বাদী হয়ে হাইমচর থানায় ১৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার পর পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত ৭ আসামিকে আটক করে আদালতে প্রেরণ করেছে। আটককৃতরা হলেন— আখি আক্তার (স্বামী: বিল্লাল হোসেন), নাজমা বেগম (পিতা: মৃত আব্দুল লতিফ তালুকদার), লাখি বেগম (স্বামী: জব্বার মৃধা), সোনিয়া বেগম (পিতা: মাসুম মুন্সি), তৈয়দুন্নেছা (স্বামী: নূরুল আমিন মৃধা), জুমান মৃধা (পিতা: সানাউল্লাহ মৃধা) এবং আব্দুল্লাহ (পিতা: মৃত পিন্টু)।

এ বিষয়ে হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হাসান বলেন, “ছোটলক্ষীপুর গ্রামে যুবক হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। আমরা অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত ৭ জনকে আটক করে আদালতে পাঠিয়েছি। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”
পুলিশ জানিয়েছে, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলমান রয়েছে।

শেয়ার করুন