হাজীগঞ্জ ও শাহরাস্তির উন্নয়নে চাঁদপুর জেলা পরিষদের গুরুত্বপূর্ণ সভা
কামরুল ইসলাম পাটওয়ারী :
চাঁদপুর জেলা পরিষদ কর্তৃক হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার সার্বিক উন্নয়ন, ভূমি এবং বিপণিবিতান সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২ জুন রোজ মঙ্গলবার জেলা পরিষদের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার জনাব মমিনুল হক।
জেলা পরিষদের প্রশাসক জনাব সলিম উল্লা সেলিমের সভাপতিত্বে এবং প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব কবির হোসেন সরদারের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইবনে আল জায়েদ হোসেন। এছাড়াও জেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ এবং পৌরসভা, পল্লী বিদ্যুৎ ও উপজেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সভায় অংশ নেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সভায় হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার স্থানীয় অবকাঠামোগত উন্নয়ন, জনস্বার্থ রক্ষা এবং বিশেষ করে জেলা পরিষদের মালিকানাধীন বিভিন্ন ভূমি ও মার্কেট (বিপণিবিতান) সংক্রান্ত জটিলতা ও উন্নয়নমূলক নানাবিধ বিষয় অত্যন্ত গুরুত্বের সাথে আলোচনা করা হয়। এলাকার ব্যবসা-বাণিজ্যের প্রসার ও সরকারি সম্পত্তির সঠিক রক্ষণাবেক্ষণে উপস্থিত কর্মকর্তাবৃন্দ নিজ নিজ দপ্তরের পক্ষ থেকে মতামত তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক উপজেলার সকল উন্নয়নমূলক কাজ স্বচ্ছতা ও দ্রুততার সাথে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের তাগিদ দেন।










